আন্তর্জাতিক ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে তাকে ও তার প্রয়াত মাকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়া শিক্ষার্থীদের ক্ষমা করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি সমাজকে আহ্বান জানিয়েছেন, তরুণদের কঠোর শাস্তির পথে না গিয়ে ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ করে দিতে।
শুক্রবার প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদি বলেন, যন্তর মন্তরের ঘটনায় ব্যবহৃত ভাষা অত্যন্ত দুঃখজনক ছিল। তবে তিনি মনে করেন, তরুণরা অনেক সময় আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেয় এবং তাদের সংশোধনের সুযোগ দেওয়া উচিত।
মোদি বলেন, “যারা আমাকে গালি দিয়েছে, আমি তাদের ক্ষমা করে দিতে চাই।” তিনি আরও বলেন, গালিগালাজ কখনো কোনো সমস্যার সমাধান নয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া বা প্রতিশোধমূলক আচরণের পরিবর্তে তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনাই সমাজের দায়িত্ব।
নিজের বক্তব্য ব্যাখ্যা করতে তিনি একটি উপমা দেন। মোদির ভাষায়, অনেক সময় নিজের দাঁতেই নিজের জিহ্বা কেটে যায়, কিন্তু এজন্য কেউ দাঁত ভেঙে ফেলে না। একইভাবে, ভুল করলেও দেশের তরুণদের পরিত্যাগ না করে তাদের পথ দেখানো প্রয়োজন।
সাম্প্রতিক সময়ে প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন ইস্যুতে দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন জোরদার হয়। ওই বিক্ষোভ চলাকালে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে আপত্তিকর স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। সেই প্রেক্ষাপটেই মোদির এই ক্ষমার বার্তা এসেছে।
ভিডিও বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে হবে এবং মতভেদ থাকলেও শালীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখা জরুরি।
✍️ মন্তব্য লিখুন