আন্তর্জাতিক ডেস্ক
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হয়নি বলে দেশটির সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছে ভারত সরকার। একই সঙ্গে বাংলাদেশ সরকারের শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধও প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনাধীন রয়েছে বলে জানানো হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সংসদীয় কমিটির বৈঠকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও তাঁকে সেখান থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়নি। এ বিষয়ে ভারতের বিদ্যমান নীতিমালা অনুসরণ করা হচ্ছে।
একই বৈঠকে বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ-সংক্রান্ত অনুরোধের বিষয়েও আলোচনা হয়। ভারত সরকার জানায়, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষা-নিরীক্ষা করছে। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক তৎপরতা এবং বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে নানা আলোচনা চলার মধ্যেই ভারতের এই অবস্থান সামনে এলো। বিশ্লেষকদের মতে, বিষয়টি বাংলাদেশ–ভারত সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক কূটনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
✍️ মন্তব্য লিখুন