শরীয়তপুর সংবাদদাতা
শরীয়তপুর সদর পৌর এলাকায় একটি মোটরসাইকেল চুরির চেষ্টা ব্যর্থ হওয়ার পর নিজেরাই ব্যবহার করা একটি সাইকেল, এক জোড়া জুতা ও একটি ছাতা ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি হাস্যরসেরও জন্ম দিয়েছে।
ঘটনাটি বুধবার দিবাগত রাত প্রায় ২টার দিকে শরীয়তপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরপালং এলাকার শাহজাহান বেপারীর বাড়িতে ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাড়ির সবাই ঘুমিয়ে থাকার সুযোগে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল চুরির উদ্দেশ্যে বাড়ির ভেতরে প্রবেশ করে। তবে মোটরসাইকেলটি লক করা থাকায় সেটিতে হাত দিতেই নিরাপত্তা সাইরেন বেজে ওঠে। শব্দ শুনে পরিবারের সদস্যরা দ্রুত বাইরে বেরিয়ে এলে চোরেরা পালানোর চেষ্টা করে।
বাড়ির লোকজন ধাওয়া দিলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায়। পালানোর সময় তারা বাড়ির পাশের একটি ঝোপে একটি সাইকেল ফেলে রেখে যায়। এছাড়া রাস্তায় পড়ে থাকে এক জোড়া জুতা ও একটি ছাতা। পরে পরিবারের সদস্যরা এসব জিনিস উদ্ধার করে নিজেদের কাছে সংরক্ষণ করেন।
মোটরসাইকেলের মালিক শাওন বেপারী বলেন, সাইরেনের শব্দ শুনে বাইরে বেরিয়ে দেখেন, চোরদের ধাওয়া করা হচ্ছে। তিনিও তাদের পিছু নেন। তবে তারা পালিয়ে যেতে সক্ষম হলেও নিজেদের সাইকেল ও অন্যান্য সামগ্রী ফেলে রেখে যায়। তিনি জানান, ফেলে যাওয়া জুতার সূত্র ধরে চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ চোরদের রেখে যাওয়া সাইকেল দেখতে ভিড় করেন। স্থানীয়দের অনেকেই মন্তব্য করেন, মোটরসাইকেল চুরি করতে এসে শেষ পর্যন্ত উল্টো নিজেরাই লোকসানে পড়েছে চোরেরা।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় চুরি প্রতিরোধে রাতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এবং সন্দেহজনক ব্যক্তিদের বিষয়ে সতর্ক নজরদারি প্রয়োজন। একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
✍️ মন্তব্য লিখুন