নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ‘জুলাই জাগরণ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে হঠাৎ পটকা বিস্ফোরণের শব্দে উপস্থিতদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
ঘটনার পর উপস্থিত ব্যক্তিদের সহায়তায় দুই সন্দেহভাজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিরা হলেন সোনারগাঁ উপজেলার নাজিরপুর এলাকার মোখলেস এবং ফতুল্লার গাবতলী এলাকার লোকমান।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান অভিযোগ করেন, অনুষ্ঠানটি পণ্ড করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে পটকা নিক্ষেপ করা হয়েছে। তিনি বলেন, ঘটনার পরপরই অভিযুক্তদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, আটক দুই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তবে তাদের রাজনৈতিক পরিচয় বা সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
✍️ মন্তব্য লিখুন