নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি এসএসসি পরীক্ষাকেন্দ্রে গণিত পরীক্ষার সময় ক্যালকুলেটর ব্যবহার করতে না দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৩ মে) জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। নির্ধারিত নিয়ম অনুযায়ী ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকলেও পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই তা কেড়ে নেওয়া হয় বলে জানিয়েছেন পরীক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা শুরু হওয়ার মাত্র পাঁচ মিনিট পরই দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা তাদের কাছ থেকে ক্যালকুলেটর নিয়ে নেন। এতে করে তারা নির্ধারিত সময়ের মধ্যে প্রশ্ন সমাধানে সমস্যায় পড়েন এবং মানসিক চাপের মধ্যে পরীক্ষা দিতে বাধ্য হন। কেন্দ্রের বাইরে অভিভাবকদের মধ্যেও এ নিয়ে উদ্বেগ ও অসন্তোষ দেখা যায়।
কেন্দ্রের হল সুপার মো. কামরুজ্জামান জানান, পরীক্ষা শুরুর প্রায় ২০ মিনিট পর কেন্দ্রের ট্যাগ অফিসার ও সহকারী কৃষি কর্মকর্তা বরুন কুমার রায় ক্যালকুলেটর ব্যবহার বন্ধের নির্দেশ দেন। তবে কেন এমন নির্দেশ দেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাতে পারেননি।
এ বিষয়ে কেন্দ্রটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদা আক্তার বলেন, “ক্যালকুলেটর ব্যবহার বন্ধের সিদ্ধান্তটি কীভাবে নেওয়া হলো, তা আমাদের কাছে পরিষ্কার নয়। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, পাবলিক পরীক্ষায় নির্ধারিত নিয়ম হঠাৎ পরিবর্তন বা ভিন্নভাবে প্রয়োগ করা হলে তা পরীক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্পষ্ট নির্দেশনা ও সমন্বয় থাকা জরুরি।
এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহল।
✍️ মন্তব্য লিখুন