দূর প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন বাংলাদেশি তরুণ লেখক আসিব মিয়া। সম্প্রতি ইতালির লাতিনা শহরে মানবাধিকার সংস্থা ‘LG NET’-এর কার্যালয়ে তাঁর জীবন ও সাহিত্যকর্ম নিয়ে একটি ব্যতিক্রমী নাগরিকসভা অনুষ্ঠিত হয়েছে।ইতালিয়ান সাংবাদিক আলেসিয়ার চমৎকার উপস্থাপনায় অনুষ্ঠানটিতে স্থানীয় ইতালিয়ান নাগরিক ছাড়াও বিভিন্ন দেশের অভিবাসীরা অংশ নেন।লেখক আসিব মিয়ার বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায়।এর আগে গত ফেব্রুয়ারিতে লাতিনা পৌরসভা আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটি অনুষ্ঠানে আসিব মিয়া নিজের লেখা কবিতা পাঠ করেন এবং তাঁর প্রকাশিত বইয়ের পরিচিতি তুলে ধরেন। তাঁর সেই হৃদয়স্পর্শী উপস্থাপনায় মুগ্ধ হয়ে ‘LG NET’-এর সহকারী পরিচালক ভ্যালেরিয়া (Valeria) লেখক আসিবকে সংস্থায় আমন্ত্রণ জানান। একই সাথে তিনি আসিবের সাহিত্যকর্ম নিয়ে একটি পূর্ণাঙ্গ নাগরিকসভা আয়োজনের প্রস্তাব দেন। সেই ধারাবাহিকতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।ইতালিয়ান ভাষায় অনূদিত গল্প ‘সঙ্গী’:এই নাগরিকসভাকে কেন্দ্র করে ‘LG NET’-এর কর্মী মার্কো (Marco)-র বিশেষ সহযোগিতায় লেখক আসিব মিয়ার জনপ্রিয় ছোটোগল্প ‘সঙ্গী’ ইতালিয়ান ভাষায় অনূদিত হয়।গল্পটির ইতালিয়ান শিরোনাম দেওয়া হয়েছে ‘I Compagni’। অনুষ্ঠানের মূল পর্বে সাংবাদিক আলেসিয়া উপস্থিত সুধীজনের সামনে অনূদিত এই গল্পটি পাঠ করে শোনান। ভিনদেশি ভাষায় বাংলা সাহিত্যের এমন উপস্থাপন উপস্থিত দর্শক ও পাঠকদের দারুণভাবে আবেগাপ্লুত করে।প্রবাসের মাটিতে বাংলা ভাষা ও সংস্কৃতিকে চমৎকারভাবে ফুটিয়ে তোলার এই উদ্যোগ স্থানীয় সুধীমহলে বেশ প্রশংসিত হয়েছে।

✍️ মন্তব্য লিখুন