নিজস্ব প্রতিবেদক | ঢাকা
এইচএসসি ২০২৬-এর পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে সৃষ্ট বিতর্কের পর পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জাতীয় সংসদে বলেছেন, প্রশ্ন দুটি পর্যালোচনায় ত্রুটি প্রমাণিত হলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।
মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে বিভাগীয় কমিশনার, স্থানীয় প্রশাসন ও আবহাওয়া অধিদপ্তরের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পদার্থবিজ্ঞান পরীক্ষার বিতর্কিত প্রশ্ন দুটি নিয়ে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি কাজ করছে এবং কোনো পরীক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর আগে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এক বিজ্ঞপ্তিতে জানায়, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিভিন্ন মাধ্যমে ওঠা অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পর্যালোচনায় প্রশ্নে ত্রুটি বা অসঙ্গতি পাওয়া গেলে প্রচলিত মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ করা হবে এবং প্রয়োজনে ওই দুটি প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে।
এদিকে প্রশ্নপত্রের ত্রুটি এবং সাম্প্রতিক পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। রাজধানীর কয়েকটি এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচিও পালন করেন। তবে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে বোর্ডের আনুষ্ঠানিক সিদ্ধান্তের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছে।
✍️ মন্তব্য লিখুন