ঢাকা, ৩ মে ২০২৬
দেশের শিক্ষা ব্যবস্থায় গুণগত মান উন্নয়নের লক্ষ্যে ভালো পারফরম্যান্স করা শিক্ষকদের বাছাই করে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তৃণমূল পর্যায় থেকে যোগ্য ও কর্মদক্ষ শিক্ষকদের চিহ্নিত করে সরকারিভাবে তাদের স্বীকৃতি ও প্রণোদনা দেওয়া হবে।
রোববার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, “প্রতিটি উপজেলা থেকে তিন থেকে পাঁচজন করে ভালো পারফর্ম করা শিক্ষককে নির্বাচন করা যেতে পারে। স্থানীয় প্রশাসন যদি তাদের নাম সুপারিশ করে, তাহলে সরকার তাদের পুরস্কৃত করার ব্যবস্থা নেবে।” তিনি মনে করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষকদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি করবে এবং সামগ্রিকভাবে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, সমাজের উন্নয়ন একটি সম্মিলিত প্রক্রিয়া। তাই শিক্ষকদের অবদানকে মূল্যায়ন করা হলে তা ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহার ও জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দেন। একই সঙ্গে দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের প্রস্তুত থাকার নির্দেশ দেন।
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, দেশে দারিদ্র্য ও বেকারত্ব কিছুটা বেড়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জনগণের কষ্ট না বাড়িয়ে সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করতে সরকার কাজ করছে।
সরকারের এই উদ্যোগকে শিক্ষা সংশ্লিষ্টরা ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, কর্মদক্ষ শিক্ষকদের স্বীকৃতি দিলে শিক্ষাক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং শিক্ষার মান আরও উন্নত হবে।
✍️ মন্তব্য লিখুন