চট্টগ্রামে এক পোশাকশ্রমিক তরুণীকে ভয়ভীতি দেখিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) নগরের ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ রোড এলাকার বিভিন্ন ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আপ্রুমং মারমা (২৬), থুয়াইচিং মারমা (২৯), ওথাইইনু মারমা (৩০) ও ওকরাইজা মারমা। তাঁদের সবার বাড়ি রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলায়।
ইপিজেড থানা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী চাকমা তরুণী (২২) চট্টগ্রাম ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত। তিনি ব্যারিস্টার কলেজ রোড এলাকার একটি ভাড়া বাসায় অন্যান্য নারী শ্রমিকদের সঙ্গে বসবাস করতেন। গত ১০ এপ্রিল তাঁর পরিচিত এক ব্যক্তি চিকিৎসার জন্য ফেনী থেকে এসে ওই বাসায় ওঠেন।
পরে বাসার আরেক নারী পরিচিতজন বিষয়টি কয়েকজনকে জানালে অভিযুক্তরা ওই তরুণীকে ‘জিজ্ঞাসাবাদ’-এর কথা বলে গত ১৯ এপ্রিল রাতে কাছাকাছি আরেকটি বাসায় নিয়ে যায়। সেখানে ফেনী থেকে আসা ব্যক্তির সঙ্গে তাঁর ‘অনৈতিক সম্পর্ক’ রয়েছে—এমন অভিযোগ তুলে তাঁকে ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে অভিযুক্তরা তাঁকে দলবদ্ধভাবে ধর্ষণ করে এবং ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর ভুক্তভোগী তরুণী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইপিজেড থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হবে এবং ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।
✍️ মন্তব্য লিখুন