নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬
রাজধানীর চানখারপুল এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।
বুধবার (২৫ মার্চ) সকালে অধিদপ্তরের আভিযানিক দল অভিযান চালিয়ে আহমেদ স্পেশালাইজড হাসপাতাল এবং অ্যাক্টিভ ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টার-এর সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়।
অভিযান সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স রয়েছে কি না এবং তা নবায়ন করা হয়েছে কি না—এসব বিষয় যাচাই করা হয়। যেসব প্রতিষ্ঠানের লাইসেন্স নেই বা অনিয়ম পাওয়া গেছে, সেগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনগণের নিরাপদ ও মানসম্মত চিকিৎসা পাওয়া নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
অভিযানে আহমেদ স্পেশালাইজড হাসপাতাল-এর বিরুদ্ধে গুরুতর অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া যায়। হাসপাতালটিতে জেনারেটর ও অক্সিজেন সিলিন্ডার একই স্থানে রাখা, জরুরি বিভাগ (ইমার্জেন্সি) না থাকা এবং পোস্ট-অপারেটিভ রুমের অভাবসহ একাধিক ত্রুটি চিহ্নিত করা হয়েছে।
অন্যদিকে অ্যাক্টিভ ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টার-এর ক্ষেত্রে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকা এবং রক্ত সঞ্চালনের জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অনিয়ম রোগীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তাই স্বাস্থ্যখাতে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত মনিটরিং ও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
✍️ মন্তব্য লিখুন