নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধানসহ বিভিন্ন পদে নিয়োগের আবেদন শুরুর সময় একদিন এগিয়ে এনেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। পূর্বঘোষণা অনুযায়ী ২৯ মার্চ আবেদন শুরুর কথা থাকলেও নতুন সিদ্ধান্তে তা শুরু হবে ২৮ মার্চ থেকে।
বুধবার (২৫ মার্চ) এনটিআরসিএর একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।
নতুন সূচি অনুযায়ী, ২৮ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ৪ এপ্রিল পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ৫ এপ্রিল পর্যন্ত।
এনটিআরসিএর এক কর্মকর্তা জানান, নির্ধারিত সময়েই নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে। সে কারণে আবেদন প্রক্রিয়া শেষে পরীক্ষাকেন্দ্র নির্ধারণ, প্রশ্নপত্র ছাপানোসহ অন্যান্য প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করতে পর্যাপ্ত সময় প্রয়োজন। এ কারণেই আবেদন শুরুর সময় এগিয়ে আনা হয়েছে।
এর আগে ১২ মার্চ প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে নতুন করে গণবিজ্ঞপ্তি জারির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়, যা বুধবার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১০ মার্চ প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের যোগ্যতায় সংশোধনী আনা হয়। সংশোধিত এমপিও নীতিমালা অনুযায়ী, এ নিয়োগ পরীক্ষায় মোট ৮০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে।
বিষয়ভিত্তিক নম্বর বণ্টনে বাংলা, ইংরেজি ও আইসিটিতে ১০ নম্বর করে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ৫ নম্বর, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীতে ৫ নম্বর, প্রশাসনিক ব্যবস্থাপনায় ১০ নম্বর এবং আর্থিক ব্যবস্থাপনায় ১০ নম্বর রাখা হয়েছে।
এ ছাড়া শিক্ষা ধারাভেদে আলাদা অংশ যুক্ত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-এর অধীন প্রার্থীদের জন্য সাধারণ শিক্ষা ব্যবস্থাপনায় ২০ নম্বর, কারিগরি শিক্ষা অধিদপ্তর-এর জন্য কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট মৌলিক জ্ঞানে ২০ নম্বর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর-এর জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কুরআন, হাদিস, ফিকাহ, আরবি ভাষা ও ইসলামী শিক্ষায় ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, সময়সূচিতে এই পরিবর্তন প্রশাসনিক প্রস্তুতি আরও সুসংগঠিত করতে সহায়ক হবে এবং নির্ধারিত সময়েই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।
✍️ মন্তব্য লিখুন