সজীব আল হোসাইন:ইতালি
ইতালির পর্যটন নগরী ভেনিসের মেস্ত্রেতে (Mestre)একটি আধুনিক ও স্থায়ী ইসলামিক কমপ্লেক্স নির্মাণের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।স্থানীয় কাউন্সিল ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মারঘেরা (Marghera) এলাকায় এই প্রকল্পটির প্রাথমিক নকশা অনুমোদন করেছে।দীর্ঘ আইনি লড়াই এবং প্রশাসনিক জটিলতা কাটিয়ে এই অনুমোদনকে ভেনিসের প্রবাসী মুসলিম সম্প্রদায়ের জন্য এক ঐতিহাসিক বিজয় হিসেবে দেখা হচ্ছে।এই প্রকল্পের প্রধান উদ্যোক্তা ও “জোভানি পার লুমানিতা” (Giovani per l’umanità) সংগঠনের মুখপাত্র প্রিন্স হাওলাদার এই পুরো প্রক্রিয়ায় এক অনন্য ও সাহসী ভূমিকা পালন করেছেন। ভেনিসের মূলধারার রাজনীতিতে সক্রিয় এই বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিত্ব স্থানীয় প্রশাসনের সাথে নিরন্তর আলোচনার মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের দীর্ঘদিনের এই দাবিকে বাস্তবায়নের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন। চরমপন্থী বিভিন্ন সংগঠনের বিরোধিতা এবং রাজনৈতিক চাপের মুখেও তিনি স্বচ্ছ তহবিল ও আধুনিক স্থাপত্য পরিকল্পনার মাধ্যমে প্রকল্পটির যৌক্তিকতা তুলে ধরেন।ভেনিসের ভিয়া জিউস্টিজিয়া (Via Giustizia)সংলগ্ন এলাকায় এই বিশাল কমপ্লেক্সটি নির্মিত হবে।এটি প্রায় ৫/৬ হাজার মুসল্লির একসাথে নামাজ পড়ার উপযোগী করে তৈরি করা হচ্ছে।শুধুমাত্র ধর্মীয় উপাসনালয় নয়,এটি একটি পূর্ণাঙ্গ ইসলামিক কালচারাল সেন্টার হিসেবে কাজ করবে,যেখানে থাকবে শিক্ষার সুযোগ এবং সামাজিক কার্যক্রমের জায়গা।নির্মাণ প্রকল্পটি নিয়ে স্থানীয় কিছু রাজনৈতিক মহলে বিতর্ক থাকলেও প্রিন্স হাওলাদার দৃঢ়ভাবে ঘোষণা করেছেন যে,এই প্রকল্প ভেনিসের সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি করবে এবং এলাকা থেকে জরাজীর্ণতা দূর করে একে একটি সুন্দর স্থানে পরিণত করবে।তার এই বলিষ্ঠ অবস্থানের কারণে ভেনিসের মেয়র ও সিটি কাউন্সিল প্রকল্পটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে।বর্তমানে প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার জন্য স্থানীয় প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য মুসলিম কমিউনিটির মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

✍️ মন্তব্য লিখুন