জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শ্রম অধিদপ্তর। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়–এর অধীন এই দপ্তরে মোট ৬৯টি শূন্য পদে ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেওয়া হবে। পদগুলো ১৩তম থেকে ২০তম গ্রেডভুক্ত।
দপ্তর সূত্রে জানা গেছে, উচ্চতর গ্রেডের পদগুলোর মধ্যে রয়েছে ১৩তম গ্রেডে সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর (১টি) এবং হিসাবরক্ষক (১টি)। এ দুটি পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি প্রয়োজন। সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদের ক্ষেত্রে নির্ধারিত গতিতে বাংলা ও ইংরেজিতে সাঁটলিপি ও কম্পিউটার টাইপিং দক্ষতা বাধ্যতামূলক।
১৪তম গ্রেডে রয়েছে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (১৪টি), ল্যাবরেটরি টেকনিশিয়ান (৮টি), লাইব্রেরি সহকারী (৪টি), পরিবার কল্যাণ পরিদর্শিকা (১৮টি) এবং অডিওভিজ্যুয়াল অপারেটর (২টি) পদ। এসব পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি প্রয়োজন। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের ক্ষেত্রে জীববিজ্ঞান বিষয়ে স্নাতক এবং অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের জন্য হাসপাতাল বা ক্লিনিকে দুই বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
মাঝারি গ্রেডের মধ্যে ১৫তম গ্রেডে ফার্মাসিস্ট (৩টি) পদে নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য উচ্চমাধ্যমিক পাসের পাশাপাশি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ এবং অন্তত এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন। ১৬তম গ্রেডে ডাটা এন্ট্রি অপারেটর (২টি) ও নার্স (৮টি) পদ রয়েছে। ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে নির্ধারিত টাইপিং গতি এবং নার্স পদের জন্য নার্সিং ডিপ্লোমা বাধ্যতামূলক।
নিম্ন গ্রেডে ১৯তম গ্রেডে ডিসপেন্সারি অ্যাটেনডেন্ট (৫টি) পদে এসএসসি পাস এবং ওয়ার্ড বয় হিসেবে এক বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। ২০তম গ্রেডে পরিচ্ছন্নতা কর্মী (২টি) ও আয়া (মহিলা) (১টি) পদ রয়েছে। পরিচ্ছন্নতা কর্মীর ক্ষেত্রে অষ্টম শ্রেণি বা জেএসসি পাস হলেই আবেদন করা যাবে। তবে এসব পদের ৮০ শতাংশ জাত হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে; উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে সাধারণ প্রার্থীদের মধ্য থেকে পদ পূরণ করা হবে। আয়া পদের জন্য এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের বয়স ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ১ ও ৩ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ১ থেকে ১০ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকা, মোট ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। ১১ থেকে ১৩ নম্বর পদের ক্ষেত্রে আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকা, মোট ৫৬ টাকা। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য সব গ্রেডে আবেদন ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকা নির্ধারিত।
অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে এবং আবেদন করা যাবে ১৫ মার্চ ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
✍️ মন্তব্য লিখুন