আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি নির্বাচনকে কেন্দ্র করে একটি ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে, যেখানে ছয়জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন–এর নির্দেশক্রমে এ কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটির চেয়ারম্যান করা হয়েছে মো. সারজিস আলম–কে এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুল হান্নান মাসউদ–কে। কমিটির অন্য সদস্যরা হলেন আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ এবং অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা।
দলীয় বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলা পর্যায়ের নেতারা সার্বিক সহযোগিতা করবেন। নির্বাচনী কার্যক্রমে সমন্বয়, প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায় সহায়তা, সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ের কার্যক্রম তদারকিতে এই কমিটি কাজ করবে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবেই এ ধরনের কমিটি গঠন করা হয়ে থাকে। এতে নির্বাচনকেন্দ্রিক কৌশল নির্ধারণ, তৃণমূল পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং নির্বাচনী কার্যক্রমে গতি আনতে সহায়ক ভূমিকা রাখে।
উল্লেখ্য, স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। এ প্রেক্ষাপটে এনসিপির এ কমিটি গঠনকে দলটির নির্বাচনকেন্দ্রিক সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হিসেবে দেখা হচ্ছে।
✍️ মন্তব্য লিখুন