দেশের অন্যতম খুচরা পণ্য বিপণন প্রতিষ্ঠান স্বপ্ন কর্মসংস্থানে সমতা, অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি কর্মক্ষেত্রে নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার উদ্যোগের জন্য এ স্বীকৃতি পেয়েছে।
স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বৈষম্যহীন নিয়োগনীতি অনুসরণ করছে এবং দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কর্মী নিয়োগের পাশাপাশি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তুলতে কাজ করছে। দেশের বিভিন্ন শাখায় নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণেও প্রতিষ্ঠানটি গুরুত্ব দিচ্ছে।
আয়োজকরা জানান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারি খাতের ভূমিকা মূল্যায়নের অংশ হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে। কর্মসংস্থানে সমতা, সামাজিক দায়বদ্ধতা, পরিবেশবান্ধব উদ্যোগ এবং অন্তর্ভুক্তিমূলক ব্যবসায়িক নীতির ভিত্তিতে বিজয়ী প্রতিষ্ঠান নির্বাচন করা হয়।
পুরস্কার গ্রহণের পর স্বপ্নের পক্ষ থেকে বলা হয়, এই স্বীকৃতি প্রতিষ্ঠানটির জন্য আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা হয়ে থাকবে। ভবিষ্যতেও সমতাভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে তাদের উদ্যোগ অব্যাহত থাকবে।
✍️ মন্তব্য লিখুন