ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬:
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের পার্লামেন্টারি আন্ডার-সেক্রেটারি অব স্টেট (ইন্দো-প্যাসিফিক) ও সমতা বিষয়ক মন্ত্রী সিমা মালহোত্রা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সংসদ ভবনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে একই অনুষ্ঠানে বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।
সাক্ষাৎকালে দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ সময় প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান, নবনিযুক্ত মন্ত্রী ড. খলিলুর রহমানসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কূটনৈতিক সূত্র জানায়, নতুন সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের অংশ হিসেবেই যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের এই সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে ঢাকা-লন্ডন সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখা এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বার্তাও উঠে এসেছে।
উল্লেখ্য, নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে সিমা মালহোত্রা ঢাকা সফরে আসেন। সফরকালে তিনি সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে বলে জানা গেছে।

✍️ মন্তব্য লিখুন