ডেস্ক নিউজ
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো আলাদা দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফরসূচি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান। হুমায়ুন কবির বলেন, এবারের সফরের মূল লক্ষ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া। ফলে ট্রাম্পের সঙ্গে আলাদা দ্বিপক্ষীয় আলোচনার তেমন সুযোগ নেই।
তবে একই দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া একটি অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের জীবনসঙ্গীদের সম্মানে এ আয়োজন করা হচ্ছে।
প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান। তাঁর এবারের সফর ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে তাঁর প্রথম ভাষণ দেওয়ার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক রয়েছে। এর মধ্যে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, ভুটানের প্রধানমন্ত্রী, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এবং জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন জানিয়েছেন, জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী বাংলাদেশের ভবিষ্যৎ রূপকল্প, জাতীয় স্বার্থ, জনগণের আকাঙ্ক্ষা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিষয়গুলো তুলে ধরবেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পেরও জাতিসংঘ সাধারণ পরিষদ চলাকালে একাধিক বিশ্বনেতার সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। তবে প্রকাশিত সূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর পৃথক দ্বিপক্ষীয় বৈঠকের কথা নেই।
✍️ মন্তব্য লিখুন