নিজস্ব প্রতিবেদক
দেশের শিল্পকারখানায় বিদ্যুৎ ও গ্যাসের সংকট কমিয়ে চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে সরকারের বৈঠকের পর তাঁরা জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকে কলকারখানায় চাহিদামতো বিদ্যুৎ ও গ্যাস পাওয়া যাবে।
সোমবার সকালে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিল্পকারখানায় জ্বালানি সরবরাহের বর্তমান পরিস্থিতি এবং উৎপাদন অব্যাহত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ব্যবসায়ীরা বিদ্যুৎ-গ্যাস সরবরাহ বাড়ানোর আশ্বাস পাওয়ার কথা জানান।
দীর্ঘদিন ধরে গ্যাসের স্বল্পতা ও বিদ্যুৎ সরবরাহে অনিয়মের কারণে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশেষ করে গ্যাসনির্ভর শিল্পকারখানাগুলো প্রয়োজনীয় চাপ না পাওয়ায় পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। জ্বালানি সংকটের কারণে উৎপাদন ব্যয় ও ব্যবসায়িক অনিশ্চয়তাও বাড়ছে।
জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার এলএনজি আমদানিসহ বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। বিদ্যুৎ ও শিল্প খাতে গ্যাসের চাহিদা মেটাতে সাম্প্রতিক সময়ে একাধিক এলএনজি কার্গো কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্যবসায়ীদের প্রত্যাশা, প্রতিশ্রুতি অনুযায়ী শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত হলে উৎপাদন বাড়বে এবং রপ্তানিমুখী শিল্পের কার্যক্রমে গতি ফিরবে।
✍️ মন্তব্য লিখুন