ঢাকা: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি ও গ্যাস–সংকট, বিদ্যুতের বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিভিন্ন রাজনৈতিক দাবিকে সামনে রেখে নতুন পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেছে ১১–দলীয় ঐক্য। রাজধানীর মুক্তাঙ্গনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ঢাকা থেকে দেশের চার বিভাগে ধারাবাহিক লংমার্চ অনুষ্ঠিত হবে। কর্মসূচির সূচনা হবে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের মাধ্যমে। এরপর ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচির ধারাবাহিকতায় ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করারও ঘোষণা দেওয়া হয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, লংমার্চের পাশাপাশি বিভিন্ন জেলায় পথসভা ও জনসংযোগ কর্মসূচিও পালন করা হবে। খুলনামুখী লংমার্চ শেষে যশোর ও কুষ্টিয়া হয়ে ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে সিলেটমুখী লংমার্চ রেলপথে আয়োজনের কথা জানানো হয়েছে।
সমাবেশে বক্তারা গ্যাস, বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিভিন্ন অপরাধের বিচার এবং ঘোষিত রাজনৈতিক দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান। তাদের ভাষ্য, দাবি আদায়ে শান্তিপূর্ণ গণআন্দোলনের অংশ হিসেবেই ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে।
✍️ মন্তব্য লিখুন