ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ দেওয়ায় বাংলাদেশ সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ ধরনের পদক্ষেপ বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত হেনেছে এবং দুই দেশের পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জন্য অনুকূল নয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে চায়। তবে ২০১৩ সালের বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য একাধিকবার অনুরোধ জানানো হলেও এ বিষয়ে এখনো কার্যকর সাড়া মেলেনি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সরকারের বক্তব্যে আরও বলা হয়, প্রত্যর্পণের অনুরোধ অমীমাংসিত থাকা অবস্থায় শেখ হাসিনাকে প্রকাশ্যে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া বাংলাদেশের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এদিকে, এর আগে সরকারের পক্ষ থেকে আদালতের নির্দেশনার কথা উল্লেখ করে দেশের গণমাধ্যমকে শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান জানানো হয়েছিল। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়।
✍️ মন্তব্য লিখুন