নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “জুলাইকে ভুলিয়ে দেওয়ার সংগ্রাম শুরু হয়েছে।” তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের ইতিহাস ও চেতনা আড়াল করার চেষ্টা চলছে এবং এমন কোনো উদ্যোগ নেওয়া হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪’ শীর্ষক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ওয়ান ইনিশিয়েটিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (ওআইআরডি)।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের পেছনে কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দল ছিল না; বরং শিক্ষার্থী, তরুণ, সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত আত্মত্যাগের মধ্য দিয়েই আন্দোলন সফল হয়েছে। তাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণ এবং শহীদ, আহত ও অংশগ্রহণকারীদের সঠিক তথ্য রাষ্ট্রীয়ভাবে লিপিবদ্ধ করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
তিনি দাবি করেন, আন্দোলন-পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্যে পরিবর্তন এসেছে এবং পূর্বের অনেক প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে নতুন বয়ান তৈরি করা হচ্ছে। জুলাই ঘোষণাপত্র ও জুলাই স্মৃতি জাদুঘর বাস্তবায়নের অগ্রগতি নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, জুলাই আন্দোলনে আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। একই সঙ্গে তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্যের প্রয়োজন হলে জামায়াতে ইসলামী সহযোগিতায় প্রস্তুত রয়েছে, তবে জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্নে কোনো আপস করা হবে না।
✍️ মন্তব্য লিখুন