নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোলাপগঞ্জে একটি মতবিনিময় সভা শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোলাপগঞ্জ পৌর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গাড়িটির পেছনের কাচ ভেঙে যায়। পরে একই বহরে আরেক দফা হামলার চেষ্টার অভিযোগও উঠেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এনসিপির একটি মতবিনিময় সভা শেষে সারজিস আলমসহ দলের নেতারা হেতিমগঞ্জের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে পৌর এলাকার একটি স্থানে তাদের বহর লক্ষ্য করে বোতল ও বিভিন্ন বস্তু নিক্ষেপ করা হয়। এতে সারজিস আলমকে বহনকারী নোহা মাইক্রোবাসের পেছনের কাচ ভেঙে যায়।
এনসিপির অভিযোগ, প্রথম ঘটনার কিছু সময় পর গোলাপগঞ্জের পাঁচমাইল ও বাইপাস এলাকার দিকেও তাদের গাড়িবহরে আবার হামলার চেষ্টা করা হয়। এ ঘটনায় দলের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সারজিস আলম অভিযোগ করেন, হামলাটি পরিকল্পিত ছিল এবং এর জন্য ছাত্রদলকে দায়ী করেন। তবে ছাত্রদল এ অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, তাদের সংগঠন এ ঘটনার সঙ্গে জড়িত নয়।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছবেদ আলী বলেন, সমাবেশ শেষে ফেরার পথে একটি গাড়িতে আঘাতের ঘটনা ঘটেছে এবং এতে পেছনের গ্লাস ভেঙে গেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে কাজ করছে পুলিশ। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, এর দুই দিন আগে হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথেও দলটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পর রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এবার সিলেটের গোলাপগঞ্জে নতুন করে এই হামলার অভিযোগ সামনে এলো।
✍️ মন্তব্য লিখুন