কেপ ভার্দের বিশ্বকাপ-নায়ক গোলরক্ষক ভোজিনহা-এর জন্য অবশেষে এসেছে স্বস্তির খবর। ভিসা জটিলতা ও আর্থিক প্রতিবন্ধকতার কারণে বিশ্বকাপে ছেলের ঐতিহাসিক ম্যাচ মাঠে বসে দেখতে না পারা তার মা আনা ক্যান্ডিদা এভোরা এবার যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি পেয়েছেন। ফলে উরুগুয়ের বিপক্ষে কেপ ভার্দের পরবর্তী ম্যাচে মায়ামির গ্যালারিতে উপস্থিত থাকবেন তিনি।
বিশ্বকাপের গ্রুপ পর্বে স্পেনের বিপক্ষে কেপ ভার্দের ঐতিহাসিক ০-০ ড্রয়ে ভোজিনহার অসাধারণ গোলকিপিং বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে। তবে ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে তিনি জানান, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে তার মা পাশে থাকতে পারেননি। ভিসা প্রক্রিয়া ও খরচের কারণে তিনি যুক্তরাষ্ট্রে যেতে পারেননি বলে জানান এই অভিজ্ঞ গোলরক্ষক।
ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর মার্কিন কংগ্রেস সদস্য Hakeem Jeffries বিষয়টি নিয়ে উদ্যোগ নেন এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। পরে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ দ্রুত ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা করে এবং প্রয়োজনীয় ফি মওকুফের ঘোষণা দেয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কেপ ভার্দের রাজধানী প্রাইয়ায় তাদের কনস্যুলার টিম সরাসরি ভোজিনহার মায়ের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহায়তা দিয়েছে। বর্তমানে তার ভ্রমণের সব প্রস্তুতি সম্পন্ন হচ্ছে এবং মা-ছেলের পুনর্মিলনের জন্য মায়ামিতে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
৫৯ বছর বয়সী আনা ক্যান্ডিদা এভোরা এর আগে নিজ দেশ থেকেই ছেলের খেলা দেখেছিলেন। স্পেন ম্যাচের আগে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, তার ছেলের গোলপোস্টে কোনো বল ঢুকবে না—আর বাস্তবেও সেটিই ঘটেছিল। ছেলের সাফল্যে গর্বিত এই মা এবার সরাসরি গ্যালারিতে বসে কেপ ভার্দের বিশ্বকাপ যাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছেন।
উরুগুয়ের বিপক্ষে আসন্ন ম্যাচটি কেপ ভার্দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই ম্যাচে গ্যালারিতে মায়ের উপস্থিতি ভোজিনহার জন্য বাড়তি অনুপ্রেরণা হয়ে উঠতে পারে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
✍️ মন্তব্য লিখুন