বেগমগঞ্জে জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ হওয়ার সম্ভবনা দেখা দেওয়ায় তেলের জন্য বর্তমানে হাহাকার সৃষ্টি হয়েছে। মাইলের পর মাইল ঘুরেও তেল পাওয়া যাচ্ছে না।
জানা গেছে, নোয়াখালী বেগমগঞ্জে পাঁচটি ফিলিং স্টেশন রয়েছে। তেল না থাকায় সব ফিলিং স্টেশন বন্ধ হওয়ায় পথে রয়েছে। বিকল্প কোন উপায় না থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
জসিম উদ্দিন নামের এক মোটরসাইকেল চালক বলেন, বেগমগঞ্জের রাজগঞ্জ বাজারে ২৪০ টাকা প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে। তার জিজ্ঞাসা, ফিলিং স্টেশনে তেল নেই অথচ খোলা বাজারে কিভাবে বেশী দামে তেল বিক্রি হচ্ছে।
মাসুম নামের আরেক মোটরসাইকেল আরোহী বলেন, যেসব ফিলিং স্টেশন খোলা আছে, সেখানে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। বর্তমান সংকটে প্রতি মোটরসাইকেলে ২০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। এতে করে আরো ভোগান্তি বাড়ছে।
ফিলিং স্টেশন একজন মালিক বলেন, আগে ডিপো থেকে দৈনিক দুই থেকে তিন গাড়ি জ্বালানী তেল পাওয়া গেলেও এখন একদিন পর পর রেশনিং পদ্ধতিতে অর্ধেকেরও কম তেল দেওয়া হচ্ছে। এতে করে বর্তমানে তেলের সংকট দেখা দিয়েছে। ফলে অনেক ফিলিং স্টেশন গুলো বন্ধ হয়ে যেতে পারে।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কায়েসুর রহমান জানান, তেল সংকট নিয়ে আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। এজন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

✍️ মন্তব্য লিখুন