ঢাকা, ৬ মার্চ ২০২৬: দেশের ওপর ধেয়ে আসছে চলতি মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার প্রভাব দেখা দিতে পারে। বিশেষ করে উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র কালবৈশাখীর আশঙ্কা রয়েছে।
শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানান, আগামী ৮ বা ৯ মার্চের দিকে দেশে বৃষ্টিপাত শুরু হতে পারে। ৯ মার্চ থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ধরনের বৃষ্টি সাধারণত স্বল্পস্থায়ী হয়ে থাকে এবং আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায়। অধিকাংশ ক্ষেত্রে সকালবেলা অথবা সন্ধ্যার আগে এই বৃষ্টি হয়ে থাকে।
তিনি আরও বলেন, ১১ বা ১২ মার্চের দিকে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন বজ্রসহ মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও দু-তিন দিন বজ্রপাত ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। তবে একই সময় দেশের অন্যান্য এলাকাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি মার্চ মাসের শুরুতেই মাসভিত্তিক পূর্বাভাসে জানিয়েছিল, এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্র ও শিলাবৃষ্টিসহ কয়েক দফা কালবৈশাখী ঝড় হতে পারে।
এদিকে আসন্ন ঈদের সময়কালেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে আবহাওয়ার পরিবর্তনশীল প্রকৃতির কারণে নির্দিষ্ট সময় ও এলাকার পূর্বাভাস এখনই চূড়ান্তভাবে বলা কঠিন বলে উল্লেখ করেন তারা।
বিশেষজ্ঞরা ঝড়ের সময় বজ্রপাত থেকে নিরাপদ থাকতে খোলা মাঠ, গাছের নিচে অবস্থান না করা এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন।
✍️ মন্তব্য লিখুন