নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির কারণে কিছু এলাকায় তাপমাত্রা কমার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের শুক্রবারের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
শনিবারও দেশের কয়েকটি বিভাগে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির কারণে কোথাও কোথাও দিনের তাপমাত্রা কমতে পারে। তবে শুক্রবার ও শনিবার সার্বিকভাবে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়ার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণ হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে স্থানীয় সতর্কসংকেতও বহাল রয়েছে।
✍️ মন্তব্য লিখুন