অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে মোট ২৯৬টি সাধারণ আসনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গেজেট অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের বণ্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাবে ৩৫টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবে ১১টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে ১টি আসন।
নির্বাচনের ঘোষিত ফলাফলে দেখা গেছে, সাধারণ আসনে বিএনপি ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি এবং এনসিপি ৬টি আসন পেয়েছে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণঅধিকার পরিষদ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি এবং গণসংহতি আন্দোলন ১টি আসনে জয়ী হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন।
সংবিধান ও প্রচলিত বিধান অনুযায়ী, সংসদের সংরক্ষিত নারী আসন দলগুলোর প্রাপ্ত সাধারণ আসনের অনুপাত অনুযায়ী বণ্টন করা হয়। একটি সংরক্ষিত নারী আসন পেতে ন্যূনতম ছয়জন নির্বাচিত সংসদ সদস্য প্রয়োজন হয়। এ হিসেবে বিএনপির প্রাপ্ত ২০৯ আসনের ভিত্তিতে তাদের ভাগে আসে প্রায় ৩৪ দশমিক ৬৬, যা পূর্ণসংখ্যায় দাঁড়ায় ৩৫টি সংরক্ষিত নারী আসন। একইভাবে জামায়াতে ইসলামী পায় প্রায় ১১ দশমিক ৩৩, অর্থাৎ ১১টি আসন।
ইসি সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থীরাও কোনো জোটে যুক্ত হলে সংরক্ষিত নারী আসনের হিসাব পরিবর্তিত হতে পারে। সে ক্ষেত্রে আসন বণ্টনে সামান্য হেরফের হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোট দলগুলো জোট গঠন করলে সম্মিলিতভাবে একটি সংরক্ষিত নারী আসন পাওয়ার সুযোগও তৈরি হতে পারে। তবে জোটগত সমীকরণ বদলালে বড় দলগুলোর আসনসংখ্যাতেও সামান্য পরিবর্তন আসতে পারে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়। শেরপুর-৩ আসনের এক বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনে পরবর্তীতে নতুন তফসিল অনুযায়ী ভোট হবে। এছাড়া একটি আসন শূন্য হওয়ায় সংশ্লিষ্ট উপ-নির্বাচনও পরে অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে ৫০টি দল অংশগ্রহণ করে। তবে জাতীয় পার্টিসহ ৪১টি দল কোনো আসনে জয় পায়নি। নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয়নি এবং আরও নয়টি দল ভোটে অংশগ্রহণ থেকে বিরত ছিল।
✍️ মন্তব্য লিখুন