ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজটি আর সক্রিয় থাকবে না। গত প্রায় ১৮ মাসের সময়কালে পেজটির সঙ্গে যুক্ত থাকা সকল নাগরিকের সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে বলা হয়, জনগণের সমর্থন, সহযোগিতা ও গঠনমূলক সমালোচনা পুরো কার্যক্রমকে আরও সমৃদ্ধ করেছে।
জানা গেছে, ‘Chief Adviser GOB (Head of the Government)’ নামে অফিসিয়াল পেজটি ১৪ আগস্ট ২০২৪ সালে চালু করা হয়। স্বল্প সময়ের মধ্যেই এটি একটি গুরুত্বপূর্ণ সরকারি যোগাযোগমাধ্যমে পরিণত হয় এবং বর্তমানে পেজটির অনুসারীর সংখ্যা প্রায় ৪৪ লাখের বেশি।
রাজনৈতিক প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, এর একদিন আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
একই দিনে নবনির্বাচিত সংসদ সদস্যরাও শপথ গ্রহণ করেন। প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত সদস্যরা শপথ নেন। পরে ১১-দলীয় জোট, স্বতন্ত্র ও অন্যান্য সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন।
বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের সমাপ্তি ও নতুন সরকার দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপটে সরকারি যোগাযোগ কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবেই প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
✍️ মন্তব্য লিখুন