আন্তর্জাতিক ডেস্ক
ভারতের কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়েছেন অভিনেতা ও অধিকারকর্মী প্রকাশ রাজ এবং ইউটিউবার ধ্রুব রাঠী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) নগরীর ফ্রিডম পার্কে ‘পিপলস ট্রাইব্যুনাল’ বা ‘জনতা ন্যায়ালয়’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজকদের দাবি, SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বা বাদ পড়ার আশঙ্কায় থাকা মানুষের অভিযোগ সামনে আনতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্ণাটকের বিভিন্ন এলাকা থেকে এ ধরনের অভিযোগ করা ব্যক্তিদের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়।
বিক্ষোভের অন্যতম দাবি ছিল ভারতের প্রধান নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের পদত্যাগ। বিক্ষোভকারীরা SIR প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের সমালোচনা করেন। তবে নির্বাচন কমিশন ও বিজেপি এসব অভিযোগ অস্বীকার করেছে।
প্রকাশ রাজ আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওতে নাগরিকদের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, SIR নিয়ে উদ্বেগ শুধু ভোটের বিষয় নয়; এটি গণতান্ত্রিক অধিকার ও সংবিধান রক্ষার সঙ্গেও সম্পর্কিত।
ধ্রুব রাঠীও কর্মসূচিতে যোগ দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছিলেন। বিক্ষোভে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, তিনি কোনো ‘শাসন পরিবর্তনের’ উদ্দেশ্যে এখানে আসেননি; বরং নির্বাচনী প্রক্রিয়ায় জবাবদিহি ও গণতান্ত্রিক অধিকার নিয়ে প্রশ্ন তুলতেই অংশ নিয়েছেন।
কর্মসূচিতে বিভিন্ন যুব ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিক্ষোভের পর নারীদের সঙ্গে সংহতি জানিয়ে ‘চপ্পল প্রতিবাদ’ নামের আরেকটি কর্মসূচিও রাখা হয়েছে।
ভারতে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। বিরোধী দল ও বিভিন্ন সংগঠন অভিযোগ করছে, SIR-এর মাধ্যমে ভোটারদের নাম বাদ দেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন বিজেপি এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
✍️ মন্তব্য লিখুন