নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আট আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় পেছনে হাতকড়া পরিয়ে লিফট চালু থাকা সত্ত্বেও তাঁকে ছয়তলা সিঁড়ি দিয়ে এজলাসে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন পলক। একই সঙ্গে মানবিক দিক বিবেচনায় হাতকড়া সামনে পরানোর অনুরোধ জানান তিনি।
আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত–৪-এর বিচারক রবিউল আলমের আদালতে এ ঘটনা ঘটে। সকাল ৯টা ৪০ মিনিটে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে পলককে আদালতের হাজতখানায় আনা হয়। পরে সকাল ১১টা ১০ মিনিটে তাঁকে এজলাসে নেওয়া হয়।
কাঠগড়ায় দাঁড়িয়ে পলক বিচারকের উদ্দেশে বলেন, লিফট চালু থাকার পরও তাঁকে পেছনে হাতকড়া পরিয়ে ছয়তলা সিঁড়ি দিয়ে আদালতে তোলা হয়েছে। তিনি বলেন, মানবিক দিক বিবেচনা করে হাতকড়া সামনে দেওয়ার ব্যবস্থা করা হোক।
জবাবে বিচারক বলেন, এটি আসামিদের নিরাপত্তার জন্য করা হয়। তখন পলক বলেন, হাতকড়া সামনের দিকে রাখলেই হয়।
এ সময় সরকারি কৌঁসুলি (পিপি) আনিসুর রহমানকে উদ্দেশ করে পলক বিচারকের কাছে আরও একটি বক্তব্য দেন। তাঁর বক্তব্যের ব্যাখ্যা নিয়ে পরে দুই পক্ষের মধ্যে ভিন্ন মত দেখা যায়। পিপি আনিসুর রহমান বলেন, পলক মূলত তাঁকে হুমকি দেওয়ার চেষ্টা করেছেন। তাঁর দাবি, কারাবিধি ও আদালতের নিয়ম মেনেই পলককে আদালতে তোলা হয়েছে এবং এতে আইনের কোনো লঙ্ঘন হয়নি।
অন্যদিকে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী দাবি করেন, পলকের সঙ্গে অন্যায় করা হয়েছে। তাঁর ভাষ্য, হাত পেছনে রেখে সিঁড়ি দিয়ে ওঠানোর সময় পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। পলকের বক্তব্যকে তিনি পরিস্থিতির পরিবর্তনের ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেন।
শুনানি শেষে আদালত থেকে নামানোর সময়ও পলককে সিঁড়ি দিয়ে হাঁটতে দেখা যায়। এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘লিফট শুধু আমাদের জন্য নষ্ট থাকে।’
অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে
মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ২০২৪ সালের ১৯ জুলাই গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। সেদিন গাবতলী থেকে ট্রাক রেখে বাড়ি ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তাঁর মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।
মামলাটিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩৪ জন আসামি। ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান আদালতে ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
আজ মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানি হওয়ার কথা থাকলেও দুই আসামি সাজ্জাদ হোসেন ও নাইমুল হাসান রাসেলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কারণে তাঁদের এ আদালতে আনা সম্ভব হয়নি। ফলে অভিযোগ গঠন শুনানি পরবর্তী তারিখে গড়ায়।
✍️ মন্তব্য লিখুন