নিজস্ব প্রতিবেদক
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষাক্ষেত্রে অবদান ও জাতি গঠনে ভূমিকার স্বীকৃতি হিসেবে দেশের বিভিন্ন স্তরের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা অনুষ্ঠানে শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।
সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে দেওয়া হয়েছে দুই লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা সনদ। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে প্রাথমিক পর্যায়ের ১০ জন, মাধ্যমিকের ২০ জন, কলেজের ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ জন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৩ জন এবং অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ৪ জন রয়েছেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর মনোনীত আরও ৭ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষকদের অভিনন্দন জানান এবং প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষকদের জাতি গঠনে অবদানের কথা স্মরণ করেন। তিনি শিক্ষকদের মর্যাদা ও পেশাগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, জ্ঞানভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবর্তিত প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষাব্যবস্থাকে আধুনিক করার পাশাপাশি প্রযুক্তিকে শিক্ষকের বিকল্প নয়, বরং সহায়ক হিসেবে ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার উদ্দেশ্য শুধু কর্মসংস্থান সৃষ্টি নয়; শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও চরিত্র গঠনের বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে পরিবার ও শিক্ষকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বিশ্ব শিক্ষক দিবস প্রতিবছর ৫ অক্টোবর পালিত হয়। শিক্ষকদের অবদান, মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়নের গুরুত্ব তুলে ধরাই দিবসটির অন্যতম উদ্দেশ্য। ২০২৬ সালে দিবসটির প্রতিপাদ্য—‘Standing with Teachers: Sixty Years of Protecting the Profession, Advancing its Status, Shaping our Futures’।
✍️ মন্তব্য লিখুন