নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকারের কার্যক্রম, নীতিনির্ধারণী সিদ্ধান্ত এবং উন্নয়নসংক্রান্ত তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) অফিশিয়াল ফেসবুক পেজ চালু করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সরকারের প্রথম কার্যদিবসেই ডিজিটাল যোগাযোগ জোরদারের অংশ হিসেবে পেজটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
‘PMO Bangladesh – প্রধানমন্ত্রীর কার্যালয়’ নামে চালু হওয়া এই ভেরিফায়েড প্ল্যাটফর্মটি সরকারের তথ্য প্রচার, নীতিগত আপডেট এবং জরুরি বার্তা জনসাধারণের কাছে নির্ভুলভাবে পৌঁছে দেওয়ার একটি কেন্দ্রীয় মাধ্যম হিসেবে ব্যবহৃত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আধুনিক ও জনবান্ধব শাসনব্যবস্থা গড়ে তুলতে ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি সিদ্ধান্ত, প্রজ্ঞাপন, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, আন্তর্জাতিক যোগাযোগ এবং গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়াদি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য প্রকাশ করা হবে এই পেজে। একই সঙ্গে গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধ, তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা এবং গণমাধ্যম ও নাগরিকদের জন্য নির্ভরযোগ্য তথ্যসূত্র তৈরি করাই এর প্রধান লক্ষ্য।
ডিসপ্লে ছবিতে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক প্রতিকৃতি সংযুক্ত করা হয়েছে, যা পেজটির সরকারি পরিচিতি নিশ্চিত করার অংশ বলে জানানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি উপস্থিতি শক্তিশালী হলে সংকটকালীন পরিস্থিতিতে দ্রুত বার্তা পৌঁছানো এবং জনমত ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।
বিশ্লেষকদের মতে, বিশ্বব্যাপী সরকারগুলো ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমকে জনসংযোগ ও তথ্য ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করছে। সেই ধারাবাহিকতায় নতুন সরকারের এই উদ্যোগ প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ডিজিটাল গভর্ন্যান্সকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যপ্রযুক্তিনির্ভর রাষ্ট্রীয় যোগাযোগ কাঠামো গড়ে তুলতে ভবিষ্যতে আরও সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনাও রয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
✍️ মন্তব্য লিখুন