শিক্ষার দায়িত্ব পাওয়ার পর শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কার এবং আন্তর্জাতিক মানের শিক্ষা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, অল্প সময়ের মধ্যেই শিক্ষাখাতে দৃশ্যমান পরিবর্তন ও নতুন উদ্যোগ দেখা যাবে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনে শপথ গ্রহণের পর রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, দায়িত্ব পাওয়ায় তিনি শিক্ষা খাতে বেশ কিছু চমকপ্রদ উদ্যোগ নেওয়ার প্রস্তুতি নিয়েছেন। তার ভাষায়, “একটু অপেক্ষা করুন, নিশ্চয়ই দেখবেন। দায়িত্ব যেহেতু পেয়েছি, ইনশাল্লাহ অনেক চমক রয়েছে। কয়েক দিনের মধ্যেই শুরু হবে।”
আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থার ওপর জোর
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে শিক্ষা আর কেবল স্থানীয় কোনো বিষয় নয়, বরং এটি একটি আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ক্ষেত্র। তাই দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতে হবে।
তিনি উল্লেখ করেন, “আমরা একটি গ্লোবাল ভিলেজে বসবাস করছি। আমাদের শিক্ষা ব্যবস্থাকে গ্লোবাল কম্পিটিটিভনেসে আনতে হবে। এটি আর লোকাল কমোডিটি নয়, বরং আন্তর্জাতিক কমোডিটি।”
চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তিতে গুরুত্ব
শিক্ষামন্ত্রী জানান, ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতে ন্যানোটেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বায়োটেকনোলজির মতো আধুনিক প্রযুক্তিভিত্তিক শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি শিল্প ও একাডেমিয়ার মধ্যে কার্যকর সংযোগ জোরদারের কথাও বলেন তিনি।
তিনি আরও বলেন, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (টিভেট) খাতকে শক্তিশালী করা হবে, যাতে দক্ষ মানবসম্পদ তৈরি করে শিল্পখাতের চাহিদা পূরণ করা যায়।
শিক্ষা খাতে ব্যাপক সংস্কারের ঘোষণা
শিক্ষামন্ত্রী বলেন, সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হবে। এর লক্ষ্য হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পাঠ্যক্রম, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার ঘটানো।
তার মতে, “ইন্টারন্যাশনাল কমিউনিটির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থার স্ট্যান্ডার্ডাইজেশন জরুরি, এর কোনো বিকল্প নেই।”
সবার জন্য কাজ করার অঙ্গীকার
দল-মত নির্বিশেষে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে শিক্ষামন্ত্রী বলেন, তিনি সবার জন্য সমানভাবে কাজ করতে চান। শিক্ষা উন্নয়নের পাশাপাশি মাদক নির্মূল, দুর্নীতি প্রতিরোধ এবং সার্বিক উন্নয়নের মাধ্যমে নিজের নির্বাচনী এলাকাকে দেশের সেরা উপজেলায় পরিণত করার স্বপ্নের কথাও জানান তিনি।
শিক্ষামন্ত্রীর সংক্ষিপ্ত পরিচিতি
আ ন ম এহসানুল হক মিলন এর আগে ২০০১ সালে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শের-ই বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং গভার্নমেন্ট ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ (বর্তমান সরকারি বিজ্ঞান কলেজ) থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন।
পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তিনি New York Institute of Technology থেকে এমবিএ সম্পন্ন করেন।
পেশাগত জীবনে তিনি যুক্তরাষ্ট্রের ব্রুকলিন কলেজ ও বোরো অফ ম্যানহাটন কমিউনিটি কলেজে সহকারী প্রভাষক হিসেবে কাজ করেছেন এবং ঔষধ শিল্পে রসায়নবিদ হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি International Islamic University Malaysia থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন (২০১৮)।
বিশেষজ্ঞদের মতে, ঘোষিত এই উদ্যোগ বাস্তবায়ন হলে দেশের শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।
✍️ মন্তব্য লিখুন