নিজস্ব প্রতিবেদক
বন্ধুদের সঙ্গে রাজধানীর বাইরে ঘুরতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না হুমায়ুন কবিরের (২৩)। মাওয়া ঘাট থেকে ঢাকায় ফেরার পথে রাজধানীর পোস্তগোলা সেতুতে ট্রাকের ধাক্কায় তার মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। এতে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার বন্ধু সোহেল (২২) আহত হয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে পোস্তগোলা সেতুতে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতাল সূত্র জানায়, সকাল ৬টার দিকে জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক হুমায়ুনকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধুদের ভাষ্য, ১০ থেকে ১২ জন বন্ধু একটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেলে করে মাওয়া ঘাটে বেড়াতে গিয়েছিলেন। সেখানে সময় কাটিয়ে ভোরে ঢাকায় ফিরছিলেন তারা। পোস্তগোলা সেতুতে ওঠার পর পেছন থেকে একটি ট্রাক হুমায়ুনের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি ও তার সঙ্গে থাকা সোহেল সড়কে ছিটকে পড়েন। পরে অন্য বন্ধুরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হুমায়ুন কবির রাজধানীর কলাবাগান এলাকার ঢালিবাড়িতে বসবাস করতেন এবং একটি ডিপার্টমেন্টাল স্টোরে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভাওয়াল গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত সোহেলকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ আইনগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
✍️ মন্তব্য লিখুন