ডেস্ক রিপোর্ট
গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের কারণে মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা ১৬ ঘণ্টা গাজীপুর ও টাঙ্গাইলের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
তিতাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, জয়দেবপুর (গাজীপুর) থেকে কুমুদিনী (টাঙ্গাইল) পর্যন্ত ১০ ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি গ্যাস পাইপলাইনে টাই-ইন কাজের জন্য এ সাময়িক সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর ও মির্জাপুর এলাকার ১০ ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি লাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্প, ক্যাপটিভ ও সিএনজি গ্রাহক গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।
এ ছাড়া সংশ্লিষ্ট ও আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস। সংস্থাটি সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে।
✍️ মন্তব্য লিখুন