আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের অন্তত তিনটি বগি লাইনচ্যুত হয়েছে এবং বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়ে এবং চারদিকে আতঙ্ক সৃষ্টি হয়।
রোববার সকালে বেলুচিস্তানের রাজধানী কোয়েটার চামান ফাটক এলাকার কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট এলাকা থেকে রেলস্টেশনের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় রেললাইনের পাশে শক্তিশালী বিস্ফোরণ হলে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে। ট্রেনের কয়েকটি বগিতে আগুন ধরে যায় এবং যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। ঘটনাস্থলে উদ্ধারকর্মী, ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আহতদের দ্রুত কোয়েটার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, ট্রেনটিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও ছিলেন। দেশটির বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। সংগঠনটি দাবি করেছে, ট্রেনটি নিরাপত্তা সদস্য বহন করছিল বলেই এটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাকিস্তান সরকার এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে বিস্ফোরণের কারণ ও নিরাপত্তা ঘাটতি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
বিশ্লেষকদের মতে, বেলুচিস্তানে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী সহিংসতা চলমান রয়েছে। বিশেষ করে রেলপথ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা সাম্প্রতিক সময়ে বেড়েছে। এর আগে জাফর এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেনে হামলা ও নাশকতার ঘটনা ঘটেছিল।
✍️ মন্তব্য লিখুন