দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে নতুন এক উদ্যোগ নিয়েছে University of Dhaka এবং Bangladesh Research and Education Network। গবেষণা, বিজ্ঞান শিক্ষা এবং আন্তর্জাতিক মানের ডিজিটাল একাডেমিক রিসোর্স ব্যবহারে সহযোগিতা জোরদারের লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
রোববার (১০ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তিটি প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক M. Jahangir Alam Chowdhury এবং বিডিরেনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা Mohammad Tawrit চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক অধ্যাপক Kazi Mostak Gausul Hoqueসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের ই-জার্নাল, ই-বুক, গবেষণা ডাটাবেজ, সফটওয়্যার অ্যাপ্লিকেশন এবং বিভিন্ন ডিজিটাল একাডেমিক রিসোর্স ব্যবহারের সুযোগ পাবেন। এর মাধ্যমে গবেষণা কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
চুক্তিতে উল্লেখ করা হয়েছে, বিডিরেন দীর্ঘদিন ধরে দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ ও গ্রন্থাগারসমূহকে উচ্চগতির নেটওয়ার্ক এবং ডিজিটাল রিসোর্স ব্যবহারের সুবিধা দিয়ে আসছে। নতুন এই সহযোগিতার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় তুলনামূলক স্বল্প ব্যয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের বিভিন্ন ই-রিসোর্স ব্যবহারের সুযোগ পাবে।
এছাড়া প্রয়োজন অনুযায়ী বিশ্ববিদ্যালয় বিভিন্ন ডিজিটাল সেবা ও ই-রিসোর্স সাবস্ক্রাইব করতে পারবে এবং এ সংক্রান্ত পৃথক চুক্তিও সম্পাদিত হবে। গবেষণা সম্প্রসারণ, বৈজ্ঞানিক জ্ঞান বিনিময় এবং আন্তর্জাতিক মানের একাডেমিক পরিবেশ গড়ে তুলতে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে বলে জানা গেছে।
✍️ মন্তব্য লিখুন