নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৬
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ মঙ্গলবার (২১ এপ্রিল)। পরীক্ষার প্রথম দিনেই দুই জেলার মোট পাঁচটি কেন্দ্রে আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরিদর্শন শেষে তিনি সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন। এর মধ্যে ছিল সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয়, আমিনবাজারের মীরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকার পাইকপাড়া মডেল একাডেমি কেন্দ্র।
পরিদর্শনকালে তিনি পরীক্ষা কেন্দ্রগুলোর কন্ট্রোল রুম থেকে সিসিটিভির মাধ্যমে পরীক্ষার হলগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিজ্ঞতা শোনেন।
পরিদর্শন শেষে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, “প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
তিনি জানান, পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে ঢাকা মহানগরের কেন্দ্রগুলো সকাল সাড়ে আটটার মধ্যেই খুলে দেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদারে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, তারা যেন নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশ নেয়। একই সঙ্গে অভিভাবকদের অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলার আহ্বান জানান।
সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সদস্যদের ধন্যবাদ জানান তিনি।
✍️ মন্তব্য লিখুন