নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর উপ-উপাচার্য (একাডেমিক) পদে অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮-এর ১৫(১) ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে। অধ্যাপক নজরুল ইসলাম বর্তমানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিয়োগ অনুযায়ী, উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে তার মেয়াদ হবে চার বছর। তিনি আইনটির ১৫(২) ধারা অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং বিদ্যমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা ভোগ করবেন। তবে প্রয়োজন মনে করলে রাষ্ট্রপতি যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে, ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে নিয়োগ পান তিনি। এছাড়া চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
স্বাস্থ্য শিক্ষা খাতে দীর্ঘদিনের অভিজ্ঞ এই চিকিৎসক-শিক্ষকের এ নিয়োগে সংশ্লিষ্ট মহলে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে গতি আসবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
✍️ মন্তব্য লিখুন