নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬
দেশের সরকারি প্রশাসনে দীর্ঘদিনের জনবল সংকট কাটাতে ৫ লাখ শূন্যপদে নিয়োগের লক্ষ্যে ৩ মেয়াদি বিশেষ রোডম্যাপ প্রণয়ন করেছে সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে এই নিয়োগ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি তিনটি আলাদা রোডম্যাপ তৈরি করা হয়েছে। এর আওতায় আগামী ৬ মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ২ হাজার ৮৭৯টি শূন্যপদে নিয়োগ সম্পন্ন করা হবে। পরবর্তী ১ বছরের মধ্যে আরও ৪ হাজার ৪৫৯টি পদ এবং ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি পদে নিয়োগ দেওয়া হবে।
তিনি আরও জানান, সরকারের লক্ষ্য হলো স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততার সঙ্গে মোট ৫ লাখ শূন্যপদ পূরণ করা। এ লক্ষ্যে ইতোমধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের অধীনস্থ শূন্যপদের হালনাগাদ তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি তথ্যভাণ্ডার ‘স্ট্যাটিসটিক্স অফ পাবলিক সার্ভেন্টস ২০২৪’ অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে সরকারি চাকরিতে মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রথম থেকে নবম গ্রেডে ৬৮ হাজার ৮৮৪টি, দশম থেকে দ্বাদশ গ্রেডে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি এবং অন্যান্য গ্রেডেও উল্লেখযোগ্য সংখ্যক পদ খালি রয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই বিপুল সংখ্যক শূন্যপদ পূরণ করা গেলে প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে, সেবা প্রদান আরও কার্যকর হবে এবং শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সুযোগও বাড়বে। তবে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়ন হলে দেশের সরকারি খাতে এক নতুন কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
✍️ মন্তব্য লিখুন