নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। আদালতের দেওয়া স্থগিতাদেশের কারণে আগামী ১৮ এপ্রিল নির্ধারিত নিয়োগ পরীক্ষা স্থগিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে জানা যায়, বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগ কার্যক্রম বন্ধ রাখতে আদালত রুল জারি ও স্থগিতাদেশ দিয়েছেন।
এনটিআরসিএর এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আদালতের নির্দেশনার কারণে নির্ধারিত পরীক্ষাটি আয়োজন করা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। স্থগিতাদেশ প্রত্যাহার না হলে ১৮ এপ্রিলের পরীক্ষা স্থগিত করা ছাড়া বিকল্প থাকবে না।
এদিকে পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আদালতের এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি চলছে এবং বৃহস্পতিবারই আপিল করা হতে পারে। আপিলের মাধ্যমে স্থগিতাদেশ স্থগিত করা গেলে নির্ধারিত সময়েই পরীক্ষা আয়োজনের চেষ্টা থাকবে।
এ বিষয়ে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমান বলেন, আদালতের নির্দেশনার বিষয়টি জেনেছেন এবং এ নিয়ে এনটিআরসিএ কাজ করছে।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ এই নিয়োগ প্রক্রিয়া আবারও স্থগিত হলে তা প্রার্থীদের মধ্যে হতাশা তৈরি করবে এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রশাসনিক শূন্যতা আরও দীর্ঘায়িত হতে পারে। তবে আইনি জটিলতা নিরসন ছাড়া এ প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব নয় বলেও মনে করছেন তারা।
এখন সবার নজর আপিলের ফলাফলের দিকে—যার ওপর নির্ভর করছে এই গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষার ভবিষ্যৎ।
✍️ মন্তব্য লিখুন