ঢাকা, ১৮ মার্চ ২০২৬:
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ১৫তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. মামুন আহমেদ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে তিনি বুধবার (১৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
ইউজিসির বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ নবনিযুক্ত চেয়ারম্যানের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় কমিশনের সদস্যবৃন্দ, সচিব, পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আইন, ১৯৭৩ অনুযায়ী অধ্যাপক ড. মামুন আহমেদকে আগামী চার বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত ১৬ মার্চ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগপত্রের শর্তানুযায়ী তিনি প্রচলিত বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্য হবেন। তার যোগদানের তারিখ থেকেই নিয়োগ কার্যকর হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের এই অধ্যাপক ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দায়িত্ব পালনে সুনাম অর্জন করেন।
ড. মামুন আহমেদ ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগ থেকে স্নাতক এবং ১৯৯১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৬ সালে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৯৭ সালে সহকারী অধ্যাপক, ২০০৪ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন।
তিনি জাপানের নিহন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন থেকে ভাইরোলজিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পিটসবার্গে ট্রান্সলেশনাল ও ক্লিনিক্যাল ভাইরোলজিতে পোস্ট-ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের থমাস ই. স্টারজল ট্রান্সপ্লান্ট ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটি অব নেব্রাস্কা–লিংকনে রিসার্চ অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন।
গবেষণায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই শিক্ষাবিদ জাতীয় ও আন্তর্জাতিক পিয়ার-রিভিউড জার্নালে প্রায় ৫৩টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। তার গবেষণার মূল ক্ষেত্র ট্রান্সলেশনাল মলিকুলার ভাইরোলজি ও ভাইরাল মলিকুলার ডায়াগনস্টিকস। কোভিড-১৯ মহামারির শুরু থেকেই তিনি দেশে SARS-CoV-2 মোকাবিলায় গবেষণা ও পরীক্ষামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং তিন মেয়াদে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে অবদান রাখেন।
শিক্ষা ও গবেষণায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বে ইউজিসি উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ ও বিশ্ববিদ্যালয়সমূহের উন্নয়নে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহল প্রত্যাশা ব্যক্ত করেছে।
✍️ মন্তব্য লিখুন