অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫:২৩, ১৫ মার্চ ২০২৬
ই-ভ্যাট সিস্টেমে অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফেব্রুয়ারি ২০২৬ কর মেয়াদের ভ্যাট রিটার্ন আগামী ২৯ মার্চ ২০২৬ পর্যন্ত জমা দেওয়া যাবে।
রোববার (১৫ মার্চ) এনবিআরের প্রথম সচিব (অতিরিক্ত দায়িত্ব) নাহিদ নওশাদ মুকুল স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, সামনে পবিত্র ঈদুল ফিতর এবং বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে টানা সরকারি ছুটি থাকছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে ই-ভ্যাট সিস্টেমের সেবা কিছু ক্ষেত্রে ধীরগতির হওয়ায় করদাতাদের সুবিধার্থে রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে।
এনবিআর জানিয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২–এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতা বলে এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
কর্তৃপক্ষের মতে, সময়সীমা বাড়ানোর ফলে ব্যবসায়ী ও করদাতারা নির্ধারিত সময়ের মধ্যে সহজে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন এবং ই-ভ্যাট সিস্টেম ব্যবহারেও সুবিধা হবে।
কর প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, সময়সীমা বাড়ানো হলেও করদাতাদের শেষ সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুত রিটার্ন দাখিল করার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে সার্ভার চাপ বা প্রযুক্তিগত সমস্যায় পড়তে না হয়।
✍️ মন্তব্য লিখুন