ঢাকা | ১২ মার্চ ২০২৬
বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন পদে নিয়োগের নীতিমালা সংশোধনের ফলে প্রায় ৮৬ হাজার শিক্ষক তাদের আবেদন ফি ফেরত পেতে যাচ্ছেন। নতুন নীতিমালায় শিক্ষকতার অভিজ্ঞতার শর্ত পরিবর্তন করায় আগের জমা দেওয়া আবেদনগুলো বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে আবেদনকারীদের কাছ থেকে নেওয়া প্রতি আবেদন ৩৫০ টাকা করে ফেরত দেওয়া হবে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) সূত্রে জানা গেছে, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষকতার অভিজ্ঞতা ১৮ বছর নির্ধারণ করে নীতিমালা সংশোধন করেছে। নতুন এই শর্ত কার্যকর হওয়ায় পূর্বে জমা দেওয়া আবেদনগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যেতে পারে।
এনটিআরসিএর একটি দায়িত্বশীল সূত্র জানায়, আবেদন বাতিল হলে আইন অনুযায়ী আবেদন ফি ফেরত দিতে হবে। কীভাবে এই অর্থ ফেরত দেওয়া হবে তা নিয়ে সংস্থার অভ্যন্তরে আলোচনা চলছে। সম্ভাব্যভাবে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে আবেদনকারীদের কাছে টাকা ফেরত পাঠানো হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন,
“বিষয়টি নিয়ে আজ (বৃহস্পতিবার) আমরা বৈঠকে আলোচনা করব। যেহেতু অভিজ্ঞতার শর্ত পরিবর্তন হয়েছে, তাই আগের আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। আবেদন বাতিল হলে আবেদন ফি অবশ্যই ফেরত দেওয়া হবে।”
এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান নিয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে এনটিআরসিএর পরীক্ষা গ্রহণ কমিটির তৃতীয় সভা আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সংস্থার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংস্থার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা–২০২৬–এর সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি আলোচনা করা হবে। পাশাপাশি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নকারী ও পরিশোধনকারীদের তালিকা চূড়ান্ত করা এবং প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনের জন্য সেমিনার বা প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
নীতিমালার এই পরিবর্তনের ফলে নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে আগ্রহী প্রার্থীদের সংশোধিত শর্ত অনুযায়ী পুনরায় আবেদন করতে হবে।
✍️ মন্তব্য লিখুন