নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৬
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও প্রশাসনিক পদে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিতে সভা ডেকেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় সংস্থাটির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
বুধবার (১১ মার্চ) এনটিআরসিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে পরীক্ষা গ্রহণ কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হবে। সভায় এনটিআরসিএ চেয়ারম্যান সভাপতিত্ব করবেন।
এনটিআরসিএ সূত্র জানিয়েছে, সভায় ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হবে। পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নকারী ও পরিশোধনকারীদের তালিকা চূড়ান্ত করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রশ্নপত্র প্রণয়ন ও যাচাই–বাছাই প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট শিক্ষকদের নিয়ে সেমিনার বা প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের প্রস্তাবও আলোচনায় থাকবে।
সংশ্লিষ্টরা বলছেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। এতে বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগ প্রক্রিয়া আরও এক ধাপ এগোবে।
শিক্ষা সংশ্লিষ্ট মহলের মতে, দীর্ঘদিন ধরে এসব পদে নিয়োগ প্রক্রিয়া জটিলতায় আটকে থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রশাসনিক সংকটে পড়েছে। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হলে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক কাঠামো শক্তিশালী হবে বলে মনে করছেন তারা।
✍️ মন্তব্য লিখুন