বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৭:১৪ PM
রমজানের ধর্মীয় আবহ ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা নারী শিক্ষার্থীদের জন্য গণ ইফতার কর্মসূচির আয়োজন করেছে। ‘বারাকাহ ইফতার প্রোগ্রাম ২০২৬’ শিরোনামে আয়োজিত এ কর্মসূচিতে এক হাজারের বেশি ছাত্রীকে ইফতার পরিবেশন করা হয় বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মেয়েদের হলসংলগ্ন কেআর মার্কেট এলাকায় এ আয়োজন শুরু হয়। বিভিন্ন বর্ষের নারী শিক্ষার্থীরা এতে অংশ নেন।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু নাসের ত্বোহা ও সাধারণ সম্পাদক আব্দুল আল মঈনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
সভাপতি আবু নাসের ত্বোহা বলেন, রমজান মাসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা জোরদার করতেই এ আয়োজন। তিনি জানান, এর আগে কেন্দ্রীয় মসজিদে প্রায় ২ হাজার ৭০০ জন ছাত্রের অংশগ্রহণে পৃথক গণ ইফতারের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, রোজাদারদের ইফতার করানোর ধর্মীয় উৎসাহ থেকেই এ ধরনের কর্মসূচি পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রমজান মাসে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সামাজিক-ধর্মীয় সংগঠনের উদ্যোগে প্রতিবছরই গণ ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়ে থাকে। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধি পায়।
✍️ মন্তব্য লিখুন