ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে রাবেয়া খাতুন (৩৭) নামে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাবেয়া খাতুন ঢাকার খিলক্ষেতের জোয়ার সাহারা এলাকার বাসিন্দা। তিনি খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রী ছিলেন।
স্টেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কপোতাক্ষ এক্সপ্রেস মোবারকগঞ্জ স্টেশনে যাত্রাবিরতি শেষে আবার চলতে শুরু করে। এ সময় রাবেয়া ট্রেনে ওঠার চেষ্টা করেন। চলন্ত ট্রেনে ওঠার সময় অসাবধানতাবশত তাঁর পা পিছলে তিনি প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে যান। এতে ট্রেনের চাকায় তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। শরীরের বিভিন্ন স্থানেও গুরুতর আঘাত পান তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালবেলা জানিয়েছে, ট্রেন ছাড়ার পর ওই নারীকে চলন্ত ট্রেনে উঠতে নিষেধ করেছিলেন কয়েকজন। তবে তিনি সেই নিষেধ না শুনে ট্রেনে ওঠার চেষ্টা করেন।
দুর্ঘটনার পর স্টেশন কর্তৃপক্ষ ও স্থানীয়রা রাবেয়া খাতুনকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুর রহমান জানান, দুর্ঘটনায় ওই নারীর দুই পা কাটা পড়ে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। তাঁর একটি হাত ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত ছিল।
✍️ মন্তব্য লিখুন