চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গোপনে বাল্যবিয়ের আয়োজন চলাকালে অভিযান চালিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীর বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বাল্যবিবাহে সহযোগিতা করার দায়ে কিশোরীর বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুড়ুলগাছি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিনের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানের সময় প্রশাসন বিয়ের আয়োজন বন্ধ করে দেয়। পরে কিশোরী অসুস্থ বোধ করলে তাকে চিকিৎসার জন্য দর্শনা মুক্তি ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বর্তমানে সে সুস্থ রয়েছে বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাল্যবিবাহ আয়োজন ও এতে সহযোগিতা করার দায়ে কিশোরীর বাবা রফিকুল ইসলামকে (কচি) বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
এর আগে চলতি সেপ্টেম্বরেও দামুড়হুদায় প্রশাসনের হস্তক্ষেপে এক দিনে দুটি বাল্যবিবাহ বন্ধ হয়েছিল। ওই সময় একটি ঘটনায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করে কনের ও বরের পরিবারকে জরিমানা করা হয় এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেওয়ার মুচলেকা নেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। বাল্যবিবাহের আয়োজন বা এতে সহযোগিতা করার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
✍️ মন্তব্য লিখুন