নিজস্ব প্রতিবেদক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসব ব্যক্তিকে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে পুলিশ সপ্তাহ-২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে ৯৮ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের ‘দোসরদের’ আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা সক্ষমতা কাজে লাগাতে হবে। যেসব পুলিশ সদস্য এ ধরনের ব্যক্তিদের গ্রেপ্তারে ভূমিকা রাখবেন, তাঁদের পুরস্কৃত করা হবে। তিনি জানান, গত সপ্তাহে এ ধরনের দুজন এবং আগের দিন আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি পুলিশের গোয়েন্দা কার্যক্রম আরও কার্যকরভাবে ব্যবহারের ওপর গুরুত্ব দেন।
শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফেরানোর প্রসঙ্গও অনুষ্ঠানে আসে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রতিবেশী দেশের কাছে তাঁদের ফেরত চেয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হলে আইন নিজস্ব গতিতে চলবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
✍️ মন্তব্য লিখুন