ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলের একই কক্ষে থেকে পড়াশোনা করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিন বন্ধু। তাঁদের সাফল্যে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
সুপারিশপ্রাপ্ত তিন বন্ধু হলেন—ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আরিফ হোসাইন, সাকির আলম ও আনোয়ার হোসাইন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাঁরা সাদ্দাম হোসেন হলের ৪২২ নম্বর কক্ষে থাকতেন। আরিফ হোসাইন ১৬তম বিজেএস পরীক্ষায় এবং সাকির আলম ও আনোয়ার হোসাইন ১৮তম বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে। এতে সিভিল জজ পদে সাময়িকভাবে ২০০ প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
একই ফলাফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মোট ১৩ শিক্ষার্থী সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁদের মধ্যে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেহবুবা মোহিনী, শাকির আলম, রফিকুজ্জামান, আনোয়ার হোসেন, শারমিন খাতুন ও ইয়াসমীন খাতুন; ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাদিয়া আফরিন খান; ২০১৬-১৭ শিক্ষাবর্ষের হুমায়ন কবির ও সালমা খাতুন; ২০১৪-১৫ শিক্ষাবর্ষের আসিফ হোসেন ও শফিক; ২০১৮-১৯ শিক্ষাবর্ষের খালিদ লিখন এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের আমজাদ হোসেন রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের একই আবাসিক কক্ষ থেকে তিন বন্ধুর বিচার বিভাগে প্রবেশের এই সাফল্য শিক্ষার্থীদের মধ্যে বিশেষভাবে আলোচনার জন্ম দিয়েছে। সাধারণ আবাসিক হলের একটি কক্ষে থেকে একসঙ্গে পড়াশোনা, প্রস্তুতি ও স্বপ্ন দেখার পর তাঁদের তিনজনের বিচারক হওয়ার সাফল্য সহপাঠীদের কাছেও অনুপ্রেরণার বিষয় হয়ে উঠেছে।
আইন বিভাগের সভাপতি অধ্যাপক হালিমা খাতুন বলেন, বিভাগটি প্রতিবছরই জুডিশিয়ারিতে ভালো ফল করছে। তিন রুমমেট বন্ধুর এই সাফল্য বিভাগের অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিজেএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের যোগ্যতা, তথ্যের সত্যতা, স্বাস্থ্য পরীক্ষা ও প্রাক-পরিচয় যাচাইসহ বিধি অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিয়োগের বিষয়টি চূড়ান্ত হবে। কোনো অসত্য তথ্য, তথ্য গোপন, যোগ্যতার ঘাটতি বা বিরূপ পুলিশ ভেরিফিকেশন পাওয়া গেলে মনোনয়ন বাতিল হতে পারে।
✍️ মন্তব্য লিখুন